এইচএসসি ও সমমান পরীক্ষার দশম দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে বিভিন্ন শিক্ষা বোর্ডে মোট ২২ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
রোববার (১৯ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৩০ হাজার ২২২ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৫২৮ জন। এসব বোর্ডে অসদুপায়ের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৪ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৯ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ৬৪ হাজার ১৮৫ জন পরীক্ষায় অংশ নেন এবং অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৩ জন। এ বোর্ডে অসদুপায়ের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রয়েছে। এছাড়া বিদেশের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার তথ্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ