বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু এবং নতুন রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন পরীক্ষার্থী শিক্ষা বোর্ড কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে পরীক্ষা স্থগিত থাকায় তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। তারা দ্রুত পরীক্ষা শুরু করার পাশাপাশি প্রতিটি বিষয়ের মধ্যে দুই থেকে তিন দিনের যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নেওয়ার পর পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
শিক্ষার্থীদের দাবি, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চললেও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। তাই দ্রুত নতুন সময়সূচি ঘোষণা করা প্রয়োজন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
মন্তব্যসমূহ