মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ফিফা বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশে এফ-১৬ যুদ্ধবিমান টহল দেওয়ার পাশাপাশি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ছাদে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার মোতায়েন থাকবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন হাজারো এফবিআই এজেন্টসহ বিভিন্ন সংস্থার সদস্য।
হোয়াইট হাউস জানিয়েছে, কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালকে যুক্তরাষ্ট্রে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি দেশটির বিশেষ আয়োজনগুলোর সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, নিরাপত্তার দিক থেকে এই আয়োজন মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সমপর্যায়ের। তাঁর মতে, আয়োজনটি সুপার বোলের চেয়েও বড়।
নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে একাধিক ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রেসিডেন্ট ট্রাম্প ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল অনুদান অনুমোদন করেছেন বলে জানান জুলিয়ানি।
ফাইনালের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে গত দুই বছর ধরে ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই ট্রাম্পের ফাইনালে উপস্থিত থাকার সম্ভাবনা বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়া হয়।
উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনাল উপলক্ষে জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা ভেঙে একটি ছোট বেসামরিক বিমান আকাশসীমায় প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। পাইলটের দৃষ্টি আকর্ষণে ফ্লেয়ার ছোড়ার পর বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়।
নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর থাকবে। এফবিআইয়ের তথ্যমতে, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন স্টেডিয়ামের নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করা হয়েছে।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আশা প্রকাশ করেছেন, ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা এবং সর্বাধিক নিরাপদ বিশ্বকাপের সফল সমাপ্তি ঘটবে।
মন্তব্যসমূহ