বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গতদের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী, বাঁশখালী মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।
মন্তব্যসমূহ