কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে। নিহত দুইজন ছালিম হোসেনের সমর্থক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতে ওই ঘটনার জেরে মিন্টু চৌকিদার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ফারুক ও আব্দুল ঘটনাস্থলেই মারা যান। আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্যসমূহ