ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখলেও চলমান সংঘাত থেকে বের হওয়ার একটি পথ খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চরম অজনপ্রিয় হয়ে ওঠা এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসার কৌশল খুঁজছে ওয়াশিংটন।
মার্কিন যুক্তরাষ্ট্র টানা পঞ্চম দিনের মতো ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে।
তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে চাইছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের পক্ষ থেকেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি আলোচনার আগ্রহ দেখানো থেকে বোঝা যায়, ট্রাম্প প্রশাসন সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজছে।
তাদের ধারণা, দীর্ঘমেয়াদি এই সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করছে। তাই ট্রাম্পের জন্য আলোচনার মাধ্যমে একটি নিরাপদ প্রস্থান বা যুদ্ধ শেষ করার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্যসমূহ