ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির ফিচার ‘মিউজ’ বন্ধ করে দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রথম এআই ছবি তৈরির টুল ছিল ‘মিউজ ইমেজ’। সম্প্রতি চালু হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআই ছবি তৈরি করতে পারতেন।
তবে ফিচারটি নিয়ে মূল বিতর্ক তৈরি হয়, কারণ যাদের ছবি ব্যবহার করা হচ্ছিল, তাদের কাছে এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাঠানো হতো না।
এ নিয়ে বিভিন্ন মহল থেকে মেটার সমালোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেতা, শিল্পী ও স্যাগ-আফট্রা ইউনিয়ন এই ফিচারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে।
তাদের অভিযোগ, ব্যবহারকারীর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ছবি পরিবর্তন বা বিকৃত করার ঝুঁকি তৈরি হতে পারে।
এমি পুরস্কারজয়ী অভিনেতা হ্যানা এইনবাইন্ডারও তার অনুসারীদের ফিচারটি বন্ধ রাখার আহ্বান জানান। তিনি জানান, এটি তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল।
অভিনেতাদের ইউনিয়ন স্যাগ-আফট্রা ফিচারটির স্বয়ংক্রিয় চালুর বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
সমালোচনার পর মেটা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ‘মিউজ’ ফিচারটি আর ব্যবহার করা যাবে না।
মেটা জানায়, ব্যবহারকারীদের সৃজনশীল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ফিচারটি চালু করা হয়েছিল। তবে ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভুয়া ছবি তৈরি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নারী তারকাদের অনুমতি ছাড়া ভুয়া বা আপত্তিকর ছবি তৈরির ঘটনায় এআই ব্যবহারের অভিযোগও রয়েছে।
মন্তব্যসমূহ