প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের ৬০টি জেলার শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, খেলাধুলা, ডিজিটাল শিক্ষা ও ‘আনন্দ শিক্ষা’ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
একটি স্টলে শিক্ষার্থীরা জানায়, তারা টিফিনের টাকা জমিয়ে অসচ্ছল বন্ধুদের সহায়তা করে। এ উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা ভালো কাজ করছো।’
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে ময়লা দেখবে, তা তুলে নির্দিষ্ট স্থানে ফেলবে।
একটি প্রাথমিক বিদ্যালয়ের পকেট লাইব্রেরি কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রশংসা করেন। পরে শিক্ষার্থীদের অনুরোধে একটি টবে গাছের চারা নিজ হাতে রোপণ করেন এবং সেটি স্কুল আঙিনায় স্মৃতি হিসেবে লাগানোর উদ্যোগকে স্বাগত জানান।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ