পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। বাংলার জনপ্রিয় পথখাবার ঝালমুড়ি নিয়ে একটি গান রেকর্ড করেছেন তিনি। গানটির রেকর্ডিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, কৌতুক ও রাজনৈতিক রসিকতা।
সোমবার কলকাতার চিনার পার্কের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করেন দিলীপ ঘোষ। প্রায় ৪০ মিনিটের রেকর্ডিংয়ে তিনি ঝালমুড়ি তৈরির বিভিন্ন ধাপ নিয়ে লেখা ১২ লাইনের গানটিতে কণ্ঠ দেন। গানটি লিখেছেন ও সুর করেছেন লোকেশ গিরি।
গত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে ঘিরে খাবারটি নতুন করে রাজনৈতিক আলোচনায় আসে। এরপর দিলীপ ঘোষের উদ্যোগে ঝালমুড়ি পার্টিও আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার গানটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দিলীপ ঘোষ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের দায়িত্বে রয়েছেন। রাজ্য সরকারের সরকারি তালিকাতেও তাঁকে ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান, কবিতা ও চিত্রকর্ম নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন। এবার বিজেপির প্রভাবশালী মন্ত্রীর গানের জগতে প্রবেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উল্টো প্রশ্ন উঠেছে, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি গ্রহণ না করার ঘোষণা দিলেও বিজেপি কি ধীরে ধীরে ‘মমতাকরণের’ পথে এগোচ্ছে?
দ্য টেলিগ্রাফও দিলীপ ঘোষের ঝালমুড়ি গানকে ঘিরে তৈরি পরিস্থিতিকে ‘মমতাকরণ’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে গানটি নিছক বিনোদনমূলক উদ্যোগ, নাকি এর পেছনে রাজনৈতিক প্রচারের কোনো পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে দিলীপ ঘোষ বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্র: দ্য টেলিগ্রাফ
মন্তব্যসমূহ