ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সম্প্রতি প্রতিষ্ঠানটির সমন্বয় বিভাগ প্রকাশিত এক দাপ্তরিক তথ্যে বিভাগভিত্তিক এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সর্বাধিক মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৭১ হাজার ৫৯৬টি মসজিদ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের পৃথক পরিসংখ্যানও প্রকাশ করেছে। সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত এ দাপ্তরিক তথ্যে উপ-পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এবং সহকারী পরিচালক আয়েশা আক্তারের স্বাক্ষরও রয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, দেশের বিভিন্ন এলাকার কিছু মসজিদ এখনও এই জরিপের আওতার বাইরে থাকতে পারে। ফলে ভবিষ্যতে হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যমে মোট সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৫ জুন জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছিলেন, দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট সংখ্যা সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সেই হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সম্ভাব্য সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ বলে ধারণা করা হয়েছিল।
মন্তব্যসমূহ