বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির এ দিন নির্ধারণ করেছেন।
রোববার (২৯ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল মামলাটির আপিল শুনানিতে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর আবেদনের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানির দিন ধার্য করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার আনিক আর হক।
আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মোট ২৫ আসামিকে সাজা দেন। তাঁদের মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ মার্চ বিচারিক আদালতের দেওয়া সব আসামির সাজা বহাল রেখে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের কয়েকজন আপিল ও লিভ টু আপিল করেন।
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ।
যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা পাঁচ আসামি হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হত্যাকাণ্ডে জড়িত সবাই ছিলেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মী। এ হত্যার ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।














মন্তব্যসমূহ