জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি জানান, রিমান্ড শেষে সাবেক খতিব রুহুল আমিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদ, চিকিৎসা ও তদন্তের অগ্রগতি তুলে ধরেন।
আবেদনে জানানো হয়, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২৩ নভেম্বর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে উপযুক্ত বলে মত দেন।
তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুহুল আমিন বুকে ব্যথা অনুভব করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁকে আবারও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তাঁর চিকিৎসাসংক্রান্ত সাত পৃষ্ঠার নথিও আদালতে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিনের দেওয়া কিছু তথ্য যাচাই করছে সিআইডি।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, রুহুল আমিন জানিয়েছেন, মামলায় বর্ণিত ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন। তাঁর সামনেই ঘটনাটি ঘটেছিল বলেও তিনি দাবি করেছেন।
এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন। সেসব তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা।
সিআইডি আরও জানায়, মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত করতে তাঁদের নাম, স্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে।
তদন্ত এখনো শেষ না হওয়ায় মামলার স্বার্থে রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটির তদন্ত বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালনা করছে।














মন্তব্যসমূহ