ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।হামলার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছিল কি না এবং কারা ঘটনার পরিকল্পনা করেছিলেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থাটি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে এ ঘটনা ঘটে। সেদিন ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী মসজিদে খুতবা দিচ্ছিলেন।অভিযোগ রয়েছে, খুতবা চলাকালে সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের সঙ্গে মসজিদে প্রবেশ করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামিয়ে আঘাত করা হয় এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়।এজাহারে বলা হয়েছে, উপস্থিত মুসল্লিরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে মামলার বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতরভাবে জখম হয়।অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।মামলার এজাহারে দাবি করা হয়েছে, ওই ঘটনায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। পাশাপাশি মসজিদের বিভিন্ন সম্পত্তি ভাঙচুরের কারণে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।এদিকে আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে সিআইডি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে সাতটি কারণ উল্লেখ করেছে।তদন্ত সংস্থাটি রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পাশাপাশি হামলার পরিকল্পনাকারী এবং নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে চায়। ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা এবং আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।এ ছাড়া মুসল্লিদের ওপর হামলা, মসজিদের সম্পত্তি ভাঙচুর এবং মামলার অন্য আসামিদের ভূমিকা শনাক্ত করতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে জানিয়েছে সিআইডি।২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন