চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা আবারও তীব্র হচ্ছে। দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়েও সংকটের স্থায়ী সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে নতুন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আলোচনা সভা থেকে এ সিদ্ধান্ত আসে। আন্দোলনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ ও কর্মসূচি আরও জোরদার করতেই সভাটির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপরও। তাই স্থায়ী সমাধান না আসা পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।’
আলোচনা সভার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে বৃহস্পতিবার চুয়েটের উপাচার্যসংক্রান্ত বিষয়ে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
চুয়েটের চলমান সংকটের শুরু গত ২১ সেপ্টেম্বর। ওই দিন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। তবে আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন থামেনি। প্রায় এক মাসের ব্যবধানে আবারও পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।














মন্তব্যসমূহ