কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে গেছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক নতুন প্রতিবেদনে সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে চায়। এই লক্ষ্য অর্জন করতে হলে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি করতে হবে। একই সঙ্গে ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে লক্ষ্য করে সরাসরি সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পাঁচটি বড় দুর্বলতা চিহ্নিত করা হয়েছে:
তরুণ ও বাড়তি শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ নারীর তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন।
২০২৪-২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।
২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। পাশাপাশি শিক্ষায় ব্যয় কমে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ছিল, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে। সরকার দেশের ব্যাংক খাত থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপির ০ দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এই চাপ আরও বাড়তে পারে।
রাজস্ব আয় বাড়াতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের পরামর্শ দিয়েছে: ১. কর প্রশাসন আধুনিকায়ন: করনীতি প্রণয়ন থেকে কর প্রশাসনকে আলাদা করা, ডিজিটাল ব্যবস্থাগুলোকে একীভূত করা এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করা। ২. কর ছাড় হ্রাস: ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা প্রায় মোট আদায়কৃত কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার এনে অপ্রয়োজনীয় কর ছাড় কমাতে হবে। ৩. জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি পরিবর্তন: একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম মেনে জ্বালানির দাম নির্ধারণ করা। ৪. সুনির্দিষ্ট ভর্তুকি ও ফ্যামিলি কার্ড: দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তাই ঢালাও ভর্তুকির বদলে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করে দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা দেওয়া। ৫. বাড়তি অর্থের সঠিক ব্যবহার: সংস্কারের ফলে প্রাপ্ত অতিরিক্ত অর্থ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।














মন্তব্যসমূহ