রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন, গুলশান বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউ (স্পেশাল রিজার্ভ ইউনিট) কর্তৃক ৭ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
ডিসি মো. আকতার হোসেন জানান, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।














মন্তব্যসমূহ