এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ঘুরে দেখবেন।
এরপর প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।














মন্তব্যসমূহ