মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গত ১০ নভেম্বর আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এ রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
রায় ঘোষণার আগে মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক একটি বিশ্লেষণ প্রকাশ করেছে এইচআরডব্লিউ। এতে বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত নৃশংস অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে এ মামলার মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ভয়াবহ সহিংসতা ও নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ১৯৪৮ সালের ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ’-এর চরম লঙ্ঘন এবং এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল। তবে এই মামলাটি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়; বরং গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমার রাষ্ট্রের আইনি দায় রয়েছে কি না, সেই সিদ্ধান্তই চাওয়া হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘এ মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। এটি বিশ্বকে মনে করিয়ে দেবে যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আইসিজের নিয়ম অনুযায়ী ১৯ নভেম্বরের এই রায়ই হবে চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এ রায়ের মধ্য দিয়ে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার আলোচিত এই মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রম শেষ হবে। তবে রায়ের বাস্তব প্রভাব নির্ভর করবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সহযোগিতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের ওপর।
বাংলাদেশের জন্যও আজকের এই রায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।














মন্তব্যসমূহ