দেশের আলোচিত মেজর সিনহা, বিশ্বজিৎ দাস ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে অতীতে গুম, হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী জানান, তিনটি আলোচিত হত্যা মামলার আপিল বিভাগের শুনানি পর্যায়ক্রমে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদে বক্তব্য দেওয়ার সময় রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলার বিচারপ্রক্রিয়া তুলে ধরেন মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গত মে মাসে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা ও তাঁর স্ত্রীকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে মামলা দায়ের করা হয়। এরপর মাত্র চার দিনের মধ্যে, ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় সোহেল রানা ও তাঁর স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের এই মামলার আপিল স্বল্প সময়ে নিষ্পত্তি হওয়া বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী জানান, ঘটনার পর তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রামিসার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। ওই সময় শিশুটির বাবা বিচার না পাওয়ার আশঙ্কায় মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন বলে জানান তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত দেড় দশকের বিচারহীনতার অভিজ্ঞতা থেকেই পরিবারের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছিল। পরে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেছে বলে দাবি করেন আইনমন্ত্রী।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়েছে। নানা বাধা ও প্রতিকূলতা থাকলেও সরকার এই অবস্থান থেকে সরে আসবে না।
বিগত ১৬ থেকে ১৭ বছরে গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।
ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগে বিরোধী দলের সহযোগিতা চান মো. আসাদুজ্জামান। বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।
আইনমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, অতীতের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।














মন্তব্যসমূহ