ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে জাতীয় ঐক্যের সরকার গড়তে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এই উদ্যোগকে আন্তরিক সমঝোতার প্রচেষ্টা হিসেবে দেখছেন না ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহুর ভিডিও বার্তাকে তিনি ‘আরও একটি লোকদেখানো বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে।
১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসনের সমর্থন। কিন্তু নেতানিয়াহুবিরোধী চারটি ইহুদি-নেতৃত্বাধীন দলের সম্মিলিত আসন ৪৮টি। বিপরীতে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন এবং দুটি আরব দলের দখলে রয়েছে ১৯টি আসন।
ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আইজেনকোটকে আরব দলগুলোর সমর্থন অথবা অন্য রাজনৈতিক শক্তির সহযোগিতা নিতে হবে।
এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় কোনো পূর্বশর্ত ছাড়াই ঐক্যের সরকার গঠনের আলোচনা শুরুর প্রস্তাব দেন নেতানিয়াহু। তার বক্তব্য, ইরানের নিরাপত্তা হুমকি মোকাবিলায় এমন সরকার প্রয়োজন, যা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল নয়।
নেতানিয়াহু বলেন, চলুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসি। সব মতবিরোধ ও বর্জনের বিষয় সরিয়ে রেখে ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছাই।
তবে আগের প্রস্তাবগুলোর মতো এবার তিনি স্পষ্টভাবে নিজের প্রধানমন্ত্রী থাকার শর্ত তুলে ধরেননি।
নেতানিয়াহুর আহ্বানের প্রতিক্রিয়ায় আইজেনকোট জানান, ভিডিও বার্তা প্রকাশের আগেই রোববার লিকুদ ও ইয়াশার পার্টির আলোচক দলের মধ্যে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল। এ কারণে নতুন করে প্রকাশিত বার্তাকে তিনি রাজনৈতিক প্রদর্শনী হিসেবেই দেখছেন।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোটের দল লিকুদকে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে শর্ত হলো, সরকারের নেতৃত্বে থাকবেন আইজেনকোট। প্রধানমন্ত্রী পদে পালাবদলের কোনো চুক্তি থাকবে না।
আইজেনকোটের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ সূত্রের বক্তব্য অনুযায়ী, আমরা সমঝোতায় রাজি আছি, তবে প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুকে সরকারে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি তার আবাসন, নিরাপত্তা ও ব্যক্তিগত কিছু বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব বিবেচনা করা হতে পারে। ধর্মীয় জায়নবাদী দলকেও সম্ভাব্য জোটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে আইজেনকোটের অবস্থান হলো, তার নির্ধারিত চারটি মূলনীতি মেনে নিলে যেকোনো দলের সঙ্গে সরকার গঠনের আলোচনা হতে পারে। এর মধ্যে নেতানিয়াহুকে ছাড়া লিকুদ পার্টিও রয়েছে।
আইজেনকোট মনে করেন, নেতানিয়াহুর আর ক্ষমতায় থাকা উচিত নয়। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় সরকারের গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী পদে থাকা ব্যক্তিদেরও রাজনীতি থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মত দিয়েছেন।
অন্যদিকে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নিজের নেতৃত্বে ইহুদি-সংখ্যাগরিষ্ঠ দলগুলোকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন। গত সপ্তাহে নেসেটের অধিবেশনে আরব-নেতৃত্বাধীন রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টির আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি।
শনিবারের ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, বৃহস্পতিবার আইজেনকোটকে দেওয়া নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে তার কাছে।
তার মতে, ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে সমর্থন করে, এমন দলগুলোকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা উচিত। একই সঙ্গে অতি-ধর্মীয় ইহুদিদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ নিয়ে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলেন তিনি।
এখন মূল প্রশ্ন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে না রেখেও লিকুদকে সরকারে আনতে আইজেনকোট কতটা সফল হবেন। কারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পাশাপাশি দুই পক্ষের নেতৃত্বসংক্রান্ত বিরোধও সমাধান করতে হবে।
সূত্র : টাইমস অব ইসরায়েল।














মন্তব্যসমূহ