স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে আনা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন।
স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এনজিওগ্রাম পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। এ সময় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিদেশে না গিয়ে দেশের হাসপাতালেই চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।














মন্তব্যসমূহ