ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফ্যাসিস্ট আমলেই অবৈধ ক্লিনিক’: কড়া অ্যাকশনে স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও অনুমোদন দেওয়া হচ্ছে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মনীতিহীন বিপুলসংখ্যক অবৈধ ক্লিনিক চালু করা হয়েছিল।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশজুড়ে অনুমোদনহীন ও মানহীন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর তদারকি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত বিশেষ দল নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন চালাচ্ছে। কোথাও অনিয়ম, উপযুক্ত সনদের ঘাটতি কিংবা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যসেবায় বিঘ্ন না ঘটিয়ে পর্যায়ক্রমে সব অবৈধ ও অনিয়মযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুরো হাসপাতাল চত্বর, বহির্বিভাগ এবং ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সরকারি ওষুধের পর্যাপ্ত প্রাপ্যতা ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি রোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেন।পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, নার্সিং সেবা ও চিকিৎসা সরঞ্জামসংক্রান্ত নানা সমস্যার বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। তিনি সরকারি নিয়ম কঠোরভাবে মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার চূড়ান্ত নির্দেশনা দেন। সাধারণ মানুষ যাতে সরকারি চিকিৎসাসেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন এবং ক্লিনিকমুখী দালালদের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ফ্যাসিস্ট আমলেই অবৈধ ক্লিনিক’: কড়া অ্যাকশনে স্বাস্থ্যমন্ত্রী