পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক সামরিক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আটজন সদস্য নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন, যাঁদের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘সামা টিভি’ এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশের এলাকাগুলোতে এই পৃথক অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নিহত আট সন্ত্রাসীর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযান চলাকালে টহলরত সামরিক যানবাহন লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার আদনান খান নিহত হন। নিহত মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি পাঞ্জাবের চাকওয়ালে এবং হাবিলদার আদনান খান কোটলি সাতিয়ানের বাসিন্দা ছিলেন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে, অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান (ক্লিয়ারেন্স অপারেশন) চালানো হচ্ছে।














মন্তব্যসমূহ