এমপিওভুক্ত হচ্ছে আরও ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 50
আরও ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্ত হতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহেই এসব প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে ৬৭০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে আর প্রায় দুই সপ্তাহ বাকি। এ কারণে শেষ সময়ে এসে দ্রুতগতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত মাসে অনলাইনের মাধ্যমে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করেছিল সরকার।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৬৭০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে প্রয়োজন হবে আনুমানিক ১৬৭ কোটি টাকা, যেখানে সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—৪৭১টি নিম্ন-মাধ্যমিক, ৬২৩টি মাধ্যমিক, ১০৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ। পাশাপাশি মাদরাসা শিক্ষায় ৭৮টি দাখিল, ২০২টি আলিম ও ৩৫টি ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদের বড় একটি সময়জুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। শুরুতে ব্যয় সংকোচনের কারণে সরকার এ বিষয়ে কিছুটা রক্ষণশীল থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে গত বছরের শেষ দিকে নীতিগতভাবে নমনীয় হয়। এর ধারাবাহিকতায় এখন এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার।






























