হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইয়ের (PBI) তদন্ত প্রতিবেদন আদালতে পৌঁছানোর পর বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলাকে ‘নায়িকা বানানোর’ কথা বলে হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। এরপর তিনি ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে ঘটনার দায় অস্বীকার করা হলে মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০২৫ সালের ২১ এপ্রিল মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের ভাষ্য, মামলাটি তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।





























