টি–টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার

- আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে মাঠের খেলায় বাংলাদেশ দলকে দেখা যাবে না। ভারতে যেতে অনীহা প্রকাশ করায় আইসিসি বাংলাদেশকে এবারের আসর থেকে বাদ দিয়েছে। তবে ব্যাট–বলের লড়াইয়ে না থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি থাকছে অন্য ভূমিকায়।
আইসিসির ঘোষিত আম্পায়ার প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। পাশাপাশি ধারাভাষ্য প্যানেলেও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বুধবার থেকে শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি পূর্ণাঙ্গ ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। এতে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ও অভিজ্ঞ অনেক কণ্ঠই স্থান পেয়েছে।
ধারাভাষ্য প্যানেলে রয়েছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের মতো পরিচিত মুখ। তাদের সঙ্গে আছেন সাবেক তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্রাথওয়েট।
এ ছাড়া ধারাভাষ্যে থাকছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান, পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন ও রমিজ রাজা। তালিকায় আরও রয়েছেন ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক ও কেটি মার্টিন।
ভারত ও শ্রীলঙ্কার সম্প্রচার টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে হার্শা ভোগলে, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর ও নেইল ও’ব্রায়েনকে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো আইসিসি টিভির ধারাভাষ্যে যুক্ত হচ্ছেন ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা।
মাঠে বাংলাদেশ দল না থাকলেও, আম্পায়ার ও ধারাভাষ্য প্যানেলে দেশের প্রতিনিধিত্ব থাকায় আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশের উপস্থিতি বজায় থাকছে।




























