ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন করা যাবে না।
রোববার (৩ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কারা ফোন রাখতে পারবেন
নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রয়োজনীয় কারণে মোবাইল ফোন রাখতে পারবেন। এর মধ্যে রয়েছেন—
প্রিসাইডিং অফিসার
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
দায়িত্বপ্রাপ্ত আনসার
সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য
‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং নজরদারি
নির্বাচন কমিশন জানিয়েছে, ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপটি মূলত নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ব্যবহার করবেন। কোনো কেন্দ্র বা কেন্দ্রসংলগ্ন এলাকায় সহিংসতা, গোলযোগ বা অনিয়মের পরিস্থিতি তৈরি হলে অ্যাপের মাধ্যমে দ্রুত বার্তা পৌঁছাবে সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানানো হয়েছে।
এর আগে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা এবং বাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয় বলে জানানো হয়।



























