বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। কথা দিয়ে কথা না রাখার কারণে জনগণ তাদের ক্ষমা করবে না।
শনিবার সকালে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে শফিকুর রহমান ২০২৪ সালের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় মানুষ রক্ত দিয়েছে। কিন্তু সেই আন্দোলনে নিহত ও আহতদের দাবিগুলো এখনো পূরণ হয়নি।
তিনি বলেন, শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়নি। আর সেই দাবি পূরণের জন্যই তারা রাস্তায় নেমেছেন। দাবি পূরণ না করে তারা ঘরে ফিরবেন না বলেও জানান জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য হলো গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ২০২৪ সালের চার্টার বাস্তবায়ন। একই সঙ্গে মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের পাশে রয়েছে। জনগণকেও তাদের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, ঐক্যবদ্ধ এই প্রচেষ্টা সফল হবে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।