অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসি বাড়ানোর আহ্বান তথ্য উপদেষ্টার
দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি) আয়োজিত প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন ও গণমাধ্যমের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া রোধেও কার্যকর ব্যবস্থা থাকা দরকার।তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি করাও গুরুত্বপূর্ণ।আলোচনায় অনলাইনভিত্তিক সাংবাদিকতার পরিবর্তিত ধরন ও নতুন নতুন মনিটাইজেশন পদ্ধতিকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। বর্তমান বাস্তবতায় অনলাইন সাংবাদিকতার বিভিন্ন নতুন কাঠামো তৈরি হওয়ায় এসব বিষয় নিয়ে নীতিগত কাঠামো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।জাহেদ উর রহমান আরও বলেন, অনলাইনে গুজব, মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইনি কাঠামো সবার জন্য সমভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন নীতিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইনটি নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে। ফলে বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব বিবেচনার মাধ্যমে আইনটিতে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধন, বিজেসির পর্যালোচনা এবং গণমাধ্যমের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।