ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পার্বত্যাঞ্চলে আত্মকর্মসংস্থান বাড়াতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তিন পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।রোববার দুপুরে রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন স্কিমের আওতায় সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে হবে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মসংস্থান তৈরির সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।[BANGVIEWS-POST:4328]তিনি বলেন, দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারবে। তার মতে, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যের কথা তুলে ধরে মীর হেলাল উদ্দিন বলেন, এখানে নানা ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই বৈচিত্র্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে পাহাড়ি ও বাঙালি সবাইকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।তিনি বলেন, রংধনুর বিভিন্ন রঙ একসঙ্গে যেমন সৌন্দর্য তৈরি করে, তেমনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ঐক্যও এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।[BANGVIEWS-POST:4327]অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা সভাপতিত্ব করেন। এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহাম্মদ, সদস্য অর্থ সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা জাহিদ ইকবাল এবং উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

পার্বত্যাঞ্চলে আত্মকর্মসংস্থান বাড়াতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী