ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেবে সরকার: ত্রাণমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য ১২টি উপকূলীয় জেলার কাছে স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কাবিখা কর্মসূচির আওতায় পুনর্নির্মাণ করা হবে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে।[BANGVIEWS-POST:3941]দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সক্ষমতা বাড়াতে জাইকার অর্থায়নে দেশের ১২টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে আরও ২৫টি জেলায় এসব উদ্ধারযান দেওয়া হবে।আসাদুল হাবিব দুলু বলেন, নতুন স্পিডবোটগুলো ডাবল ইঞ্জিনবিশিষ্ট হওয়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গম এলাকায় দ্রুত পৌঁছে মানুষের জীবন রক্ষা করা সহজ হবে।তিনি বলেন, দুর্যোগের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। এ লক্ষ্যেই সরকার আধুনিক সরঞ্জাম যুক্ত করে উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।[BANGVIEWS-POST:3940]মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার পাশাপাশি হাওড়াঞ্চলেও পর্যায়ক্রমে উদ্ধার বোট সরবরাহ করা হবে। চলতি বছর হাওড় এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এসব এলাকার সক্ষমতা আরও বাড়ানো হবে।তিনি জাপান সরকার ও জাইকার সহযোগিতার প্রশংসা করে বলেন, তাদের সহায়তায় দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মি. সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মন্ত্রণালয়ের সচিব মো. মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেবে সরকার: ত্রাণমন্ত্রী