রুদ্ধশ্বাস লড়াই শেষে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বুলাওয়ের সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় টাইগাররা।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার সাইফ হাসান মাত্র ৪ রান করে ফিরে যান। পাওয়ার প্লের শেষেও ধীর গতিতে এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস।তবে এরপর তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে তারা ৫৫ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন। পরে অধিনায়ক তাওহীদ হৃদয়ের সঙ্গে তানজিদের ৬৩ রানের জুটি বাংলাদেশকে জয়ের খুব কাছে নিয়ে যায়।ইমন ও হৃদয় দুজনেই ২৪ রান করে আউট হন। ইয়াসির আলী রাব্বি করেন ১০ রান। শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও শেখ মেহেদী হাসানের চার রানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।[BANGVIEWS-POST:2119]দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেওয়া তানজিদ হাসান তামিম ৬৬ রানে অপরাজিত থাকেন। শেখ মেহেদী অপরাজিত থাকেন ৪ রানে।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দুর্দান্ত। শেখ মেহেদী হাসানের বলে দ্রুত প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্সের ৭১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জিম্বাবুয়ে।বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অন্যদিকে মায়ার্স খেলেন ৫২ বলে ৭২ রানের দারুণ ইনিংস। তার ব্যাটে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ থেকে আটকে দেয় বাংলাদেশের বোলাররা। অধিনায়ক সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্র্যান্ড ইভান্সসহ কেউ বড় ইনিংস খেলতে পারেননি।বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন। শেখ মেহেদী হাসানসহ আরও কয়েকজন বোলার একটি করে উইকেট শিকার করেন। শেষ ওভারে জিম্বাবুয়ে নাটকীয়ভাবে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তানজিদ ও মেহেদীর দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ।