ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানায় ওপেনএআই

সাবেক প্রেমিকাকে হত্যা ও যৌন নির্যাতনের পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাবেক গোল্ডম্যান স্যাকস বিশ্লেষক ড্যারেন ঝোকে আট বছরের প্রবেশন দিয়েছেন আদালত। তার কথোপকথনে গুরুতর সহিংসতার ঝুঁকি শনাক্ত হওয়ার পর ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানিয়েছিল। ২৫ বছর বয়সী ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। আদালতের নথি অনুযায়ী, ছয় মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গত মার্চে তিনি চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে নিয়ে কথা বলতে শুরু করেন। তদন্তকারীদের দাবি, সময়ের সঙ্গে এসব কথোপকথনে ওই নারীকে হত্যা, যৌন নির্যাতন ও জিম্মি করার পরিকল্পনার মতো গুরুতর হুমকি উঠে আসে। [BANGVIEWS-POST:4272]তদন্তকারীরা জানান, ঝো তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করার পরিকল্পনার কথাও চ্যাটে উল্লেখ করেছিলেন। সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে হত্যার পরিকল্পনার কথাও তিনি লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা এসব কথোপকথনকে শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং ক্রমশ সুনির্দিষ্ট হয়ে ওঠা হুমকি ও সহিংসতার পরিকল্পনা হিসেবে দেখেছেন। ওপেনএআই বিষয়টি এফবিআইকে জানানোর পর তদন্ত শুরু হয়। পরে গত মে মাসে ঝোকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই দিন পাম বিচ কাউন্টি কারাগারে থাকার পর এক লাখ ডলার জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে গুরুতর হয়রানি বা অনুসরণ, লিখিতভাবে হত্যার হুমকি এবং যোগাযোগযন্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়।[BANGVIEWS-POST:4271]গত ১৩ আগস্ট ঝো তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন। প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিচারক স্কট সুসকাউয়ার তাকে আট বছরের প্রবেশন দেন। তবে আদালত আনুষ্ঠানিক দোষী সাব্যস্তকরণ বা ‘adjudication’ স্থগিত রাখায় তাকে কারাগারে যেতে হয়নি এবং ওই মামলায় ফৌজদারি দণ্ডও নথিভুক্ত হয়নি। বিচারক জানিয়েছেন, ভুক্তভোগী নারী সমঝোতায় সম্মতি দেওয়ার বিষয়টিও সিদ্ধান্তে বিবেচনা করা হয়েছে। প্রবেশনের প্রথম দুই বছর ঝোকে ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় থাকতে হবে। একই সঙ্গে সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ না করা, অস্ত্র না রাখা, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসা নেওয়া এবং নির্ধারিত একটি হস্তক্ষেপমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানায় ওপেনএআই