মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন। কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে তার পরিবারের মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট দেখতে তিনি সেখানে যাবেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। ডুনবেগের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস অ্যান্ড হোটেল’-এ আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অ্যামজেন আইরিশ ওপেন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের সফর টুর্নামেন্টের শেষ দুই দিনের সঙ্গে মিলছে।[BANGVIEWS-POST:4358]হোয়াইট হাউসের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সফরে ট্রাম্প মার্কিন দূতাবাসের কর্মী ও ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এরপর নিজের গলফ কোর্সে আইরিশ ওপেনের খেলা দেখবেন। তবে সফরটি ট্রাম্পের সরকারি দায়িত্ব ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন ব্যবস্থাপনা তার ছেলেদের হাতে থাকলেও তার মালিকানাধীন সম্পত্তিগুলো সরকারি ও ব্যক্তিগত সফরসূচিতে স্থান পাওয়ায় সমালোচনা রয়েছে। ডুনবেগের গলফ রিসোর্টটি ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন অধিগ্রহণ করে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০১৯ সালে আয়ারল্যান্ড সফরের সময়ও ট্রাম্প এই রিসোর্টে গিয়েছিলেন। [BANGVIEWS-POST:4357]আয়ারল্যান্ড সফরের আগে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার হচ্ছে। এদিকে এবারের আইরিশ ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন ররি ম্যাকিলরয়সহ বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক গলফারের অংশ নেওয়ার কথা রয়েছে। ডুনবেগে এবারই প্রথম আইরিশ ওপেন আয়োজন করা হচ্ছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস