খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলার সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি এবং খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেন অবরোধকারীরা। সকালের দিকে পানছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন এলাকায় কাঠের গুঁড়ি ফেলে এবং সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়। একই সঙ্গে খাগড়াছড়ি জেলা শহরের কিছু স্থানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল ও সতর্ক অবস্থানের কারণে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর বা সংঘাতের ঘটনা ঘটেনি।
অবরোধের সময় সকাল থেকে শহরের অভ্যন্তরীণ যানবাহন ও দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো বন্ধ থাকায় দূরদূরান্তের সাধারণ যাত্রী ও রোগীরা ভোগান্তিতে পড়েন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং দুপুর ১২টা বাজতেই শহরের চেঙ্গী স্কয়ার, নারকেল বাগানসহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, ঢাকা ও রাঙামাটিমুখী যাত্রীবাহী বাস এবং বিভিন্ন রুটের সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, শহর ও আশপাশের কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছামাত্রই পিকেটাররা পালিয়ে যায়। ঢাকা থেকে আসা রাতের দূরপাল্লার বাসগুলো কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোরে নিরাপদে শহরে প্রবেশ করেছে। বর্তমানে জেলার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্যসমূহ