আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন এবং চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে লোকবল সংকটে বন্ধ থাকা শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
মন্ত্রী আরও জানান, দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ রাখা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) আকস্মিক সফরে ময়মনসিংহে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সফরের শুরুতে তিনি তারাকান্দা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান।
মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে পরিচালকের কক্ষে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি যাচাইয়ের জন্য ব্যবহৃত রেজিস্ট্রার খাতা দেখেন। সেখানে অনেক চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে তিনি খাতাটি সঙ্গে নিয়ে যান।এ সময় হাসপাতালের গাইনি বিভাগ, ডেঙ্গু ও হাম আইসোলেশন ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। রোগীদের ব্যবহারের টয়লেটের পরিবেশ দেখে অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। বর্তমান সরকার পর্যায়ক্রমে এ খাতের সমস্যাগুলো সমাধানে কাজ করবে।


মন্তব্যসমূহ