প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিরোধী দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে বক্তব্য দেওয়ার সময় এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে এক যুবকের ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। তাঁর দাবি, বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণেই ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পেয়েছেন।
আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ’৯৬ ও ’৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। তাঁর অভিযোগ, দল দুটি আবারও একত্র হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
জামায়াতে ইসলামীর আমিরের সমালোচনা করেও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামাতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন?’
এ সময় আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও দাবি করেন তিনি। রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে প্রস্তুত আছে।’
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ