মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতি পতাকাবাহী একটি তেল ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ (MT Al Dasma) নামের ওই জ্বালানিবাহী জাহাজে ২১ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) জাহাজটিতে সরাসরি আঘাত হানে। যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, ওমানের বুখা উপকূল থেকে আনুমানিক ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে সমুদ্রসীমায় অবস্থানকালে ট্যাংকারটি এ হামলার মুখে পড়ে।
কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর তথ্য অনুযায়ী, প্রজেক্টাইলটি আঘাত হানার পরপরই তেলের ট্যাংকারটিতে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে জাহাজের ক্রুরা দ্রুত ও কার্যকর উদ্যোগ নিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজটিকে ওই জলসীমাতেই নোঙর করে রাখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল নিশ্চিত করেন যে, “২১ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রমের সময় কুয়েতের পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা একটি অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়েছে। জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ অন্য সব ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে ও শঙ্কামুক্ত রয়েছেন।”
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ