হরমুজ প্রণালীতে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ নাবিক আহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক। বর্তমানে তাদের ওমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে এর তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘‘আজ সকালের দিকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার তীব্র নিন্দা জানায় ভারত... হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’’এমটি অন পিস নামের ট্যাংকারটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। হামলায় আহত ১২ জনের মধ্যে ভারতীয় রয়েছেন ১১ জন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোতে নাবিক সরবরাহকারী অন্যতম দেশ ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, গত মাসেও একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হন।চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ব্যর্থতা কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে জাহাজে হামলা চালায় তেহরান।অন্যদিকে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোতেও হামলা চালানো হচ্ছে।এ পরিস্থিতিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।”বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’সূত্র: এএফপি।