ইরানের বর্তমান শাসনব্যবস্থা ও সরকারকে পুরোপুরি উৎখাত করতে ইসরাইল দ্ব্যর্থহীনভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের ধর্মীয় শাসনব্যবস্থার পতন ঘটাতে পারলেই কেবল লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব হবে। লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে নবনির্মিত তেল হাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি আরও দাবি করেন, ইরানের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করাই বর্তমানে তেল আবিবের প্রধান কৌশলগত লক্ষ্য। এই বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার গভীর শলাপরামর্শ করেছেন এবং এমনকি অনুষ্ঠানটির মাত্র দুই দিন আগেও তাঁদের মধ্যে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার তেহরানের ক্ষমতায় আসীন থাকা পর্যন্ত তারা বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে এবং নিজেদের আঞ্চলিক প্রতিরোধ বলয়কে পুনর্গঠিত করতে চাইবে। বর্তমান সংঘাতে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও তাদের কট্টর মতাদর্শের কারণে পারমাণবিক ও সামরিক আগ্রাসন বন্ধ হবে না। ফলে এই স্থায়ী হুমকি ও ঝুঁকি চিরতরে বন্ধ করার একমাত্র কার্যকর পথ হলো ইরানের সরকারকে উৎখাত করা, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহসহ অন্যান্য প্রক্সি নেটওয়ার্ক নির্মূলের পথও সুগম করবে।
সূত্র: টাইমস অব ইসরাইল
মন্তব্যসমূহ