ধর্মীয় স্বাধীনতা ও সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধান স্বীকৃত অধিকার রক্ষায় বিএনপি সরকার কোনো ছাড় দেবে না। ধর্ম পালনের ক্ষেত্রে সব সম্প্রদায়ের মানুষের প্রতি উদারতা প্রদর্শনেরও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মই মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়। ধর্ম পালনের পাশাপাশি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতাও রয়েছে। তাই সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে অন্যদের উদার মনোভাব দেখানো প্রয়োজন। সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই; সবার অধিকার সমান।
সকালে রামপাল উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড়, দিঘির পাড় ও চকগোনাসহ কয়েকটি পূজামণ্ডপে যান ড. শেখ ফরিদুল ইসলাম। সেখানে উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
সম্প্রদায়টির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ