দেশের সংকট মোকাবিলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। তাঁদের মতে, সংগঠন থেকে অর্জিত আদর্শিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা প্রয়োজন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে নেতারা এসব কথা বলেন। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, এ আয়োজন কেবল পারস্পরিক মিলন বা পুনর্মিলনের অনুষ্ঠান নয়; দেশের সংকটময় সময়ে সবাই মিলে দায়িত্ব পালনের অঙ্গীকারও।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ন্যায়বিচার, সততা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার উপযোগী পরিবেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংগঠন থেকে পাওয়া নীতি-নৈতিকতা ও প্রশিক্ষণ ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন দলীয় ঐক্য ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, চাঁদাবাজি ও রাহাজানি বন্ধ করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই আন্দোলনে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি মুমিনুল হক ও মাইমুনুল ইসলাম মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলন সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের অন্য নেতারা।
মন্তব্যসমূহ