বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৬ অক্টোবর থেকে এই সরকারি সফর শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে ঢাকা ও টোকিও থেকে আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেওয়া হয়।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘আমরা আশা করছি এই সফরের সময় বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’
তিনি আরও জানান, বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য এই সফর একটি সময়োপযোগী সুযোগ তৈরি করবে।
এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরের ফলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রসচিব। আসন্ন সফরে সেই অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।
মন্তব্যসমূহ