বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাত ছড়িয়ে পড়ার পেছনে পশ্চিমা দেশগুলোর ভুল নীতিকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় দেশগুলোও ভুল কৌশল গ্রহণের পরিণতি ভোগ করছে। চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন আরাগচি।
সংবাদ সম্মেলনে ইউরোপীয় দেশগুলোকে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলোর ভুল পদক্ষেপ ও নীতির কারণে বিশ্বজুড়ে নানা যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে।
আরাগচি বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এ অঞ্চলের সমস্যাগুলো নিরসনে কূটনীতি, আলোচনা ও রাজনৈতিক সমঝোতাই কার্যকর পথ।
একই সংবাদ সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সমালোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি এসব হামলাকে সম্পূর্ণ অহেতুক ও অযৌক্তিক বলে উল্লেখ করেন।
লাভরভ আরও জানান, চলমান সংকট নিরসন এবং পারস্য উপসাগরে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত।
ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, ইউক্রেন সরকার ও ইউরোপের কয়েকটি দেশ গুরুতর দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন দেওয়ায় ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সূত্র: মিডলইস্ট মনিটর।
মন্তব্যসমূহ