দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। অতীতে হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া ব্যক্তিদের সঙ্গে বর্তমান বিরোধী দলের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল অবরোধ করে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরে ফিরে এক। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।”
রাজনৈতিক সংঘাতের পরিবর্তে নাগরিকদের জীবনযাত্রা, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “কারণ রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন রাজনৈতিক যুদ্ধ আমাদেরকে করতে না হয়। বাংলাদেশে আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি এবং নাগরিক সুবিধা আদায় করে নিয়ে ইজ্জত সম্মানের সঙ্গে যেন সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।”
বিরোধী দলের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, সরকারি দলের মতো বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। শপথ গ্রহণের দিন থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরোধী দল কতটা ভূমিকা রেখেছে, তা মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ্যানির ভাষ্য, “আমরা যারা সরকারি দল, আমাদের নৈতিক দায়িত্ব আছে, কমিটমেন্ট আছে। ঠিক বিরোধী দলে যারা আছেন তাদেরওতো নৈতিক দায়িত্ব আছে, কমিটমেন্ট আছে। তাহলে যেদিন আমরা শপথ নিয়েছি, যেদিন আমরা দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত কতটুকু দায়িত্ব বিরোধী দল পালন করেছে, এটাওতো বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে? কেন রোডমার্চ করতে হবে?”
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা এবং কমিটির সভাপতি বিনয় ভূষণ মজুমদারসহ অন্যরা।
মন্তব্যসমূহ