রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ব্যক্তিগত গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী পথচারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালক মো. শাহজালালী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান জানান, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে শাহজালালী নামের রিকশাচালক মারা যান। আহত বাকি দুজনের অবস্থা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি চালিয়ে দ্রুতগতিতে তালাইমারী এলাকার সড়ক পার হচ্ছিলেন রিজন। পথে গাড়িটি প্রথমে এক নারী পথচারীকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ওই নারী ছিটকে সড়কের পাশে পড়েন। এর পরপরই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সামনে থাকা দুটি রিকশাকে চাপা দেন। এতে রিকশা দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিকশাচালক শাহজালালী গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। দুর্ঘটনার পর আশপাশের উত্তেজিত স্থানীয় জনতা ধাওয়া করে গাড়িসহ চালক রিজনকে আটক করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িসহ তাঁকে থানায় নিয়ে যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হতে থাকলে আইনশৃঙ্খলার অবনতি এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে রিজনকে গাড়িসহ দ্রুত বোয়ালিয়া মডেল থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাঁর বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সত্যতা নিশ্চিত হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, নিহত রিকশাচালকের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার এজাহার চূড়ান্ত হলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ