বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে কেবল পাঠ্যপুস্তকের প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সম্যক দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলেরই সাবেক শিক্ষার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের স্কুলজীবনের ক্রিকেট খেলা, সমাবেশ ও গ্রন্থাগারের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন। এ সময় ঐতিহাসিক এই বিদ্যালয়ে কার্যকর কম্পিউটার ল্যাব না থাকার বিষয়টি জানতে পেরে তিনি বিস্ময় ও দুঃখ প্রকাশ করেন। অবিলম্বে স্কুলে একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন এবং গ্রন্থাগার সংস্কারের সার্বিক দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াস অপরিহার্য।
এর আগে সকালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর পতেঙ্গায় নির্মিত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুধু সাইকেল আরোহীদের জন্য নির্মিত এই লেনের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও সাইকেল সংস্কৃতি চালু করতে চায় সরকার। এতে নাগরিকদের নিয়মিত শরীরচর্চা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে।
যানজট নিরসন ও স্বাস্থ্যকর নগরজীবন নিশ্চিত করতে চট্টগ্রাম শহরে আরও চার থেকে পাঁচটি পৃথক সাইকেল ট্র্যাক এবং খালগুলোর দুই পাশে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে অ্যাথলেটিকসে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের ঘরবন্দি জীবন থেকে বের হয়ে উন্মুক্ত শরীরচর্চার পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন মন্ত্রী।
মন্তব্যসমূহ