কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজের কারণে দেশের প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঘটনায় জরুরি হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের স্বার্থ রক্ষা ও লেনদেনের ধারাবাহিকতা স্বাভাবিক রাখতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসিকে (আইটিসি) তলব করে বন্ধ থাকা সব কার্ড ও ডিজিটাল সেবা অবিলম্বে চালুর কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অক্টোবর রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এতে কিউ-ক্যাশ সুইচের ওপর নির্ভরশীল প্রায় ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা, এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস) টার্মিনাল, আন্তব্যাংক অর্থ স্থানান্তর (আইবিএফটি), ই-কমার্স ও বাংলা কিউআর পেমেন্ট সেবা বন্ধ বা সীমিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক কিউ-ক্যাশ পরিচালনাকারী শীর্ষ ব্যবস্থাপনাকে ডেকে জরুরি ভিত্তিতে সুইচিং কার্যক্রম সম্পন্ন করে সেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, যেসব ব্যাংক সরাসরি ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ (এনপিএসবি)-এর সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলোর লেনদেন পুরোপুরি স্বাভাবিক আছে। এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং কেন্দ্রীয় ব্যাংকের বিএসিএইচ, বিইএফটিএন ও আরটিজিএস প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে চালু রয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তি এড়াতে নিজ নিজ ব্যাংকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প লেনদেন মাধ্যম ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ