ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩০ ব্যাংকের কার্ড সেবা বিভ্রাটে কেন্দ্রীয় ব্যাংকের তলব

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজের কারণে দেশের প্রায় ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঘটনায় জরুরি হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের স্বার্থ রক্ষা ও লেনদেনের ধারাবাহিকতা স্বাভাবিক রাখতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসিকে (আইটিসি) তলব করে বন্ধ থাকা সব কার্ড ও ডিজিটাল সেবা অবিলম্বে চালুর কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অক্টোবর রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসির পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এতে কিউ-ক্যাশ সুইচের ওপর নির্ভরশীল প্রায় ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা, এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন, পয়েন্ট অব সেলস (পিওএস) টার্মিনাল, আন্তব্যাংক অর্থ স্থানান্তর (আইবিএফটি), ই-কমার্স ও বাংলা কিউআর পেমেন্ট সেবা বন্ধ বা সীমিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক কিউ-ক্যাশ পরিচালনাকারী শীর্ষ ব্যবস্থাপনাকে ডেকে জরুরি ভিত্তিতে সুইচিং কার্যক্রম সম্পন্ন করে সেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, যেসব ব্যাংক সরাসরি ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ (এনপিএসবি)-এর সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলোর লেনদেন পুরোপুরি স্বাভাবিক আছে। এ ছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং কেন্দ্রীয় ব্যাংকের বিএসিএইচ, বিইএফটিএন ও আরটিজিএস প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে চালু রয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তি এড়াতে নিজ নিজ ব্যাংকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প লেনদেন মাধ্যম ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।

৩০ ব্যাংকের কার্ড সেবা বিভ্রাটে কেন্দ্রীয় ব্যাংকের তলব