মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকা এবং ধনী দেশগুলোর জোট জি৭-এর কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার সিদ্ধান্তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান আতঙ্ক সামান্য কমলেও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ পুরোপুরি কাটেনি।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট কমে ১০০ ডলার ২৮ সেন্টে বিক্রি হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে নেমে আসে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে।
আন্তর্জাতিক শিপিং বা সামুদ্রিক পরিবহণসংক্রান্ত সর্বশেষ তথ্যে দেখা গেছে, আঞ্চলিক সংঘাত সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেলের চালান প্রবাহ এখনো স্থিতিশীল। এমনকি গত মাসের শেষ দিকে টানা চার দিন এই অঞ্চল থেকে তেল পরিবহণের হার সংঘাত শুরুর আগের পর্যায়ের চেয়েও বেশি ছিল। এতে স্পষ্ট যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও প্রধান তেল রুটগুলো এখনো সচল রয়েছে।
তবে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হুথিদের ধারাবাহিক আক্রমণ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা এখনো কাটেনি। সার্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবসায়ীরা সতর্ক অবস্থান ধরে রেখেছেন, ফলে বাজারে কিছুটা মূল্য সংশোধন হলেও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ